
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে অস্ত্রসহ বহিরাগত সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, হল প্রশাসন এবং শাহবাগ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন-লিমন (দারিয়াবাড়ি গোপালগঞ্জ), রিয়াজ (গোপালগঞ্জ), সানি (বাড়ি পুরাতন ঢাকার জিঞ্জিরা), টিটন (খুলনা), সজীব বাড়ি (মাদারীপুর), তপু (বিক্রমপুর) এবং ইমন হোসেন (সাতক্ষীরা)। তাদেরকে সূর্যসেন হলের ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষ থেকে আটক করা হয়।
আটকদের থেকে জানা গেছে, তারা সবাই সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের পরিচয়ে থাকতেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের ৩১৫ নম্বর রুম থেকে রামদা, চায়নিজ কুড়াল ও স্প্লিন্টার পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ে গুলি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় যারা জড়িত তারা এখানে অবস্থান করছে-এমন তথ্যে অভিযান পরিচালনা করা হয়। রুমগুলো থেকে ডেটোনেটর, স্প্লিন্টার, সালফার জাতীয় যেগুলো দিয়ে ককটেল বানানো যায়, চায়নিজ কুড়াল, রামদা, ইয়াবার পলিথিনের প্যাকেট এবং একটি খেলনা পিস্তল পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সূর্যসেন হল থেকে যে সাতজনকে আটক করা হয়েছে তারা সবাই বহিরাগত।