News71.com
 Bangladesh
 13 Feb 17, 12:02 AM
 255           
 0
 13 Feb 17, 12:02 AM

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সতর্ক অবস্থায়

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সতর্ক অবস্থায়

ভিন্ন কৌশলে ভয়ঙ্কর আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে নিউ জেএমবি ।।

 

নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজান বেকারির চেয়েও বড় ধরনের হামলার ছক আঁটছে জঙ্গিরা। ভিন্ন কৌশলে আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ধর্মীয় উগ্রবাদী সংগঠন নিউ জেএমবি।সতবে এসব হামলায় বোমা অথবা আগ্নেয়াস্ত্রের পরিবর্তে অয়েল ট্যাংকার অথবা কনটেইনার ও অক্সিজেনবাহী ভারি যানবাহন ব্যবহারের পরিকল্পনা করেছে সংগঠনটি। বেশিসংখ্যক প্রাণহানি হয়- এমন লক্ষ্যেই জনসমাগমস্থলে এসব লরি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে জঙ্গিরা। এছাড়া বিভিন্ন শপিংমলে পরিকল্পিতভাবে আগুন দিয়ে প্রাণহানির সংখ্যাও বাড়াতে চাইছে তারা।


সম্প্রতি গ্রেফতার হওয়া নিউ জেএমবির কয়েকজন সদস্য পুলিশের জিজ্ঞাসাবাদে এসব ভয়ংকর পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছে। প্রায় একই ধরনের তথ্য দিয়ে বাংলাদেশের উগ্রবাদীদের উদ্দেশে সম্প্রতি বার্তা দিয়েছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) নয়া মুখপাত্র রুমিয়া। এই বার্তাটি রয়েছে রুমিয়ার পঞ্চম সংখ্যায়। এসব তথ্য পাওয়ার পর সতর্কাবস্থায় রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। পাশাপাশি আগামি শনিবার অনুষ্ঠিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) মাসিক অপরাধ বিষয়ক সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।


এপ্রসঙ্গে জানতে চাইলে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে নবগঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, নিউ জেএমবির উল্লিখিত পরিকল্পনার বিষয়টি আমরা অবহিত। সম্প্রতি নিউ জেএমবির কয়েক সদস্যকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে ভয়ংকর এসব তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে সারা দেশের পুলিশ সতর্ক রয়েছে। বিশেষ করে কনটেইনার, অক্সিজেন ও তেলবাহী লং ভেহিক্যাল ও এর চালকদের ওপর পুলিশ কঠোর নজরদারি করছে। আইএসআইএসের মুখপাত্র রুমিয়ার এমন বার্তার বিষয়টি সম্পর্কেও তিনি অবগত রয়েছেন বলেও জানান।


মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের মুখপাত্র রুবিয়ায় এমন বড় ধরনের হামলার বিষয়ে হুমকি প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ ব্যাপারে সতর্ক রয়েছি। জঙ্গিদের আপাতত এ ধরনের হামলা চালানোর সামর্থ্য না থাকলেও তাদের প্রতিটি কর্মকাণ্ড পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। মনিরুল ইসলাম আরও জানান, এ ধরনের হামলার মাস্টারমাইন্ডদের বেশির ভাগই আইনশৃংখলা বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হয়েছে। আবার অভিযান পরিচালনার সময় অনেকেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখনও বেশ কয়েকজন ভয়ংকর জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এদের মধ্যে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহ অন্যতম। তাদের গ্রেফতারে পুলিশ সর্বদা তৎপরতা চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন