
নিউজ ডেস্কঃ প্রশাসনের অনুমতি ছাড়া শিক্ষার্থীরা শিক্ষা সফর বা পিকনিক বা দলগত ভ্রমণে যেতে পারবে না। শিক্ষার্থীদের বহনকারী গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স অবশ্যই যাচাই করে নিতে হবে। এ ধরনের নির্দেশনা দিয়ে শিক্ষামন্ত্রণালয় পরিপত্র জারি করেছে আজ রোববার। এতে বলা হয়েছে, শিক্ষা সফরে যাবার পূর্বে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন নিতে হবে।অনুমোদন নেওয়ার আগে শিক্ষার্থীদের বহনকারী গাড়ির ফিটনেস এবং চালকের ড্রাইভিং লাইসেন্স সঠিক কীনা যাচাই করতে হবে। পিকনিক বা শিক্ষা সফরে যাবার আগে শিক্ষার্থীদের অবশ্যই অভিভাবকদের কাছ থেকে সম্মতিপত্র নিতে হবে।
শিক্ষা সফর বা পিকনিক সম্পর্কে শিক্ষার্থীদের আগেই ধারণা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে নিতে হবে। গাড়ি চালক যাতে নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালান তার প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। ভ্রমণের নির্ধারিত স্থানীয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে। স্থানীয় নিরাপত্তা সংক্রান্ত যে সব বিধি বিধান আছে তা সবাইকে যথাযথ ভাবে অনুসরণ করতে হবে।
উল্লিখিত বিষয়ে ইতোপূর্বে জারিকৃত আদেশসমূহ বাতিল বলে গণ্য হবে। এই পরিপত্র অবিলম্বে কার্যকর করা হবে।পরিপত্র জারির উদ্দেশ্য হচ্ছে, সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর, পিকনিকে অংশগ্রহণের সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। সংশ্লিষ্ট সকলের অধিকতর সতর্কতা এবং দুর্ঘটনা এড়াতে এ নির্দেশা জারি করা হলো।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি যশোরের চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরে পিকনিকে যাওয়ার পথে তাদের বহনকারী বাস উল্টে যায়। এতে স্কুলের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, ছাত্রী সুমাইয়া, সাথীসহ ৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়।
এর আগে ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগরে শিক্ষা সফর থেকে ফেরার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার ছাত্রী ও তিন ছাত্র নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক। এভাবে সারা দেশে প্রায়ই পিকনিক বা শিক্ষা সফরে আসা যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্র্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই শিক্ষামন্ত্রণায় এ সিদ্ধান্ত নিয়েছে।