
নিউজ ডেস্ক : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অভিযোগের মামলায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার পরিবেশ আদালতের বিচারক আশিকুল খবির এ আদেশ দেন। এর আগে এ আদালতে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুলের পক্ষের আইনজীবী মামলার অব্যাহতির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করেন।
এদিকে শুনানির সময় সংসদ সদস্য আসলাম আদালতে হাজির ছিলেন। তাঁকে আদালত দোষী কিংবা নির্দোষ প্রশ্ন করলে, তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। আগামী ২০ মার্চ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ফিরোজ রহমান মন্টু। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘বিচারাধীন বিষয়ে আমার কোনো বক্তব্য থাকা উচিৎ না। সে কারণে কিছু বলতে চাচ্ছি না। বরং আদালতে আসল সত্য প্রমাণ হোক, সে অপেক্ষায় থাকি।’
এ মামলার নথি থেকে জানা যায়, বুড়িগঙ্গা নদী হতে ড্রেজারের মাধ্যমে ঢাকা জেলার হাজারীবাগ থানার বসিলা ব্রিজের উত্তর-পশ্চিম পার্শ্বে ওয়াশপুর নামক স্থানে বালি ভরাট করে একটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়। ওই প্ল্যান্টটি ওয়েস্ট পাওয়ার লিমিটেডের। সংসদ সদস্য ওই কোম্পানির চেয়ারম্যান। ছাড়পত্রবিহীন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল খালেক ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি হাজারীবাগ থানায় মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) মিহির লাল সরদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।