
নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১৫ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।আজ রোববার গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলা অভিযোগে পাথরঘাটা সহকারী ভূমি কমিশনার ও পরীক্ষা কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন তাদের বহিষ্কার করেন। বহিস্কৃতরা হলেন- সঞ্জয় কুমার মিত্রী, জগদিস চন্দ্র মজুমদার, নন্দীতা মিস্ত্রী, শ্যামল অধিকারী, বজলুর রহমান, নীল কমল, তাসরুবা সুলতানা, মো. ইসাহাক, টুলু ইয়াসমিন, গোপাল, আমীর হোসেন, সঞ্জয় কান্তি বেপারী, এইচএম শাহ আলম, মোসা. খাদিজা আক্তার ও মিজানুর রহমান।
পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিব মো. নজরুল ইসলাম বলেন, 'পরীক্ষা শুরুর ৩৫ মিনিট পর নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে প্রবেশ করেন। এসময় শিক্ষকরা উত্তরপত্রে স্বাক্ষর করছিলেন। এ সুযোগে পরীক্ষার্থীরা আশপাশে তাকানোর চেষ্টা করে। বিষয়টি ম্যাজিস্ট্রেটের নজরে আসলে কর্তব্যরত শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে কেন্দ্র সচিবকে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মৌখিক নির্দেশ দেন। ১৫ শিক্ষককে এক দিনের জন্য বহিষ্কার করা হয়েছে।'
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, 'শিক্ষকদের বহিষ্কারের নির্দেশ দিয়ে চলে এসেছি। তাদের একদিনের জন্য নয় পুরো পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। যদি কেন্দ্র সচিব শিক্ষকদের পক্ষ নিয়ে একদিনের জন্য বহিষ্কার করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'