
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
আজ রোববার মির্জাপুর ও ঘাটাইল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাস এলাকা দিয়ে এক বন্ধুসহ মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মীর আহমেদ সুজন। তিনি উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের কুদরত ই খুদার ছেলে। সুজনের বন্ধু অক্ষত রয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। এদিকে, ঘাটাইল উপজেলার পেঁচার আটা নামকস্থানে ভোরে মাটি বোঝাই একটি ট্রাকের চাপায় আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন বলে পুলিশ জানিয়েছে।তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।