News71.com
 Bangladesh
 12 Feb 17, 11:38 AM
 263           
 0
 12 Feb 17, 11:38 AM

দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে রাজধানীতে সমাবেশসহ নিয়মিত কর্মসূচি চায় মহানগর বিএনপি । ।

দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে রাজধানীতে সমাবেশসহ নিয়মিত কর্মসূচি চায় মহানগর বিএনপি । ।

নিউজ ডেস্কঃ দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ও সাংগঠনিক গতি বাড়াতে রাজধানীতে সমাবেশসহ নিয়মিত কর্মসূচি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা মহানগর বিএনপি। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে মহানগর বিএনপির নেতারা এ দাবি জানান। এসব কর্মর্সূচিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিও নিশ্চিত করার প্রস্তাব দেন তারা।

বৈঠকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগরের নেতা সালাউদ্দিন আহমেদ ও কাজী আবুল বাশারসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।জানা গেছে, বেলা এগারোটা থেকে প্রায় দুই ঘণ্টা চলা বৈঠকে ঢাকা মহানগর বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চান মির্জা ফখরুল। জবাবে মহানগর কমিটির নেতারা তাদের অবস্থান তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিতে কী কী কর্মসূচি গ্রহণ করা যায় সে সম্পর্কে মহানগর নেতাদের কাছে জানতে চান মির্জা ফখরুল।

জবাবে মহানগর নেতারা বলেন, দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান, তাতে করে আমাদের কর্মসূচি নিয়ে রাজপথে নামা ছাড়া কোনো উপায় নেই। এভাবে ঘরে বসে থাকলে নেতাকর্মীরা ধীরে-ধীরে হতাশ হয়ে পড়বে। বর্তমানে সরকার বিএনপিকে কোনো কর্মসূচি পালনে অনুমতি দেবে না। তার পরেও আমাদের গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে হবে। দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে বৈঠকে উপস্থিত নেতারা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীতে একটি জনসভা করার প্রস্তাব দেন। এ ব্যাপারে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা এই বৈঠকে দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেছি। আমাদের কথা মহাসচিবকে জানিয়ে দিয়েছি। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বৈঠকে অংশ নেওয়া মহানগর বিএনপির অপর এক নেতা জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের আদালতে হাজিরা এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে। এসব দিনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর জনসভা বা অন্যান্য কর্মসূচি নেওয়া হতে পারে।

জানা গেছে, সম্প্রতি কয়েকজন নেতা দলের চেয়ারপারসনকে বিদ্যমান বাস্তবতা ও সরকারের মনোভাব বিবেচনায় নিয়ে রাজনৈতিক কর্মসূচি গ্রহণের পরামর্শ দিয়েছেন। তারা খালেদা জিয়াকে পরামর্শ দেন, বিএনপিকে এখন থেকেই প্যাকেজ কর্মসূচিতে যেতে হবে। প্রথম দিকে জনসম্পৃক্ততা বাড়াতে জনসমাবেশ এবং ক্রমান্বয়ে কর্মসূচি দাবি আদায়ে রূপ দেওয়া। বিএনপির একটি সূত্র জানায়, নতুন নির্বাচন কমিশনকে চাপে রাখা, নির্বাচনকালীন সহায়ক সরকার দাবিতে সোচ্চার এবং খালেদা জিয়ার মামলা ও আদালতে হাজিরা দেওয়াসহ নানা ইস্যুকে সামনে রেখে কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপির হাইকমান্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন