
নিউজ ডেস্কঃ শ্রীলংকায় উৎপাদন খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় সফররত শ্রীলংকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদ্দিন। তিনি বলেন, শ্রীলংকায় ফার্মাসিউটিক্যাল, জাহাজ-নির্মাণ, পর্যটন, মৎস্য আহরণ এবং অন্যান্য খাতে বিনিয়োগে লাভবান হবে বাংলাদেশি ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় রিশাদ বাথিউদ্দিন এ আহ্বান জানান। ডিসিসিআইর সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরা ও শ্রীলংকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি নাজিথ মুয়ানাগে এ সময় উপস্থিত ছিলেন।
শ্রীলংকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত এবং শ্রীলংকায় বাংলাদেশের ওষুধের প্রচুর চাহিদা রয়েছে। এ জন্য বাংলাদেশের ওষুধ ব্যবসায়ীদের শ্রীলংকায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। রিশাদ বাথিউদ্দিন বলেন, শ্রীলংকার কলম্বো এবং হামবানটোটা সমুদ্রবন্দর ভৌগোলিকভাবেই অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং বন্দরসমূহে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা হচ্ছে। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসার ব্যয় হ্রাসের লক্ষ্যে পণ্য পরিবহনে শ্রীলংকার বন্দরসমূহ ব্যবহারের আহ্বান জানান।
তিনি আরও বলেন, শ্রীলংকার সঙ্গে চীন ও ভারতসহ বেশ কিছু দেশের মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) রয়েছে এবং বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণে এফটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি দুদেশের মধ্যে এফটিএ সইয়ের ওপর গুরুত্বারোপ করে এ কার্যক্রমকে দ্রুত বাস্তবায়নের জন্য ডিসিসিআই এবং শ্রীলংকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
ডিসিসিআইর সভাপতি আবুল কাসেম খান জানান, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ শ্রীলংকা থেকে ৪৫.০১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে এবং বিপরীতে বাংলাদেশ শ্রীলংকায় ৩০.৪৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। তিনি দুদেশের বাণিজ্য সম্প্রসারণে সাফটার আওতায় বিশেষায়িত পণ্য তালিকা পুনঃমূল্যায়নের প্রস্তাব দেন। এ ছাড়া শ্রীলংকার উদ্যোক্তাদের কৃষি ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, ফলমূল, পাট ও পাল্প পেপার, বিদ্যুৎ ও জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানান।