
নিউজ ডেস্কঃ আজ শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহসড়কের নান্দাইলের জামতলা এলাকায় কাভার্ডভ্যানসহ কোম্পানীর সুতা ছিনতাই এর ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা কাভার্ডভ্যানচালক ও তার সহযোগীকে হাত-পা বেধে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। নান্দাইল থানা পুলিশ জানায়, 'দুই যুবকের হাতপা, মুখ ও চোখ বাধা অবস্থায় রাস্তায় পড়ে থাকার খবর পেয়ে তাঁদের উদ্ধার করে থানায় এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ' নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানান, উদ্ধার হওয়া দুই যুবকের নাম শয়ন সাহা (২৮) ও আকরাম হোসেন (২০)। তাদের মধ্যে কাভার্ডভ্যানের চালক শয়নের বাড়ি গাইবান্দা জেলার কোলাহাটির ফরাজীপাড়ায়। তাঁর বাবার নাম সুবল চন্দ্র সাহা। অপরদিকে হেলপার আকরামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তাঁর বাবার নাম মো. শাহজাহান ।
কাভার্ডভ্যান চালক শয়ন জানান, গাজীপুর জেলার শ্রীপুর এলাকার নগর হাওলা জয়না বাজারে অবস্থিত 'ডাবল এ'ইয়াং মিলস' কোম্পানি থেকে ১৬০ বান্ডিল কটনসুতা কাভার্ডভ্যানে ভর্তি করে ডেলিভারি দিতে যাচ্ছিল নরসিংদীর মুমট্যাক্স পাকিজা গ্রুপ কোম্পানিতে। প্রায় ঘন্টাখানেক সময় পার হলে ঘোড়াশাল সড়কের কালিগঞ্জ নামক একটি নির্জন জায়গায় পথরোধ করে দাড়ায় সিগনাল লাইট হাতে নিয়ে পুলিশের রিপ্লেক্সিং ক্রস বেল্ট পরিহিত ৪ জন পুলিশ ।
তিনি ওই সময় দ্রুতবেগের গাড়িটি থামান। সাথে সাথে ৩ জন পুলিশ ভ্যানে উঠে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে চোখ বেধে মাথার পিছনে আঘাত করে। পরে মুখ চেপে ধরে নিচে নামিয়ে হেলপার আকরামসহ দুইজনকে তাঁদের প্রাইভেট কারে প্রবেশ করিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এরপর আর কিছুই বলতে পারেননি। ' হেলাপার আকরাম জানান, 'তাঁকেও মারধরের পর চোখ ও হাতপা বেধে মুখে কসট্যাপ লাগিয়ে দেয় ওই দুর্বৃত্তরা। অনেক কান্নাকাটির পর হাত-পা ধরে প্রাণে রক্ষা পেলেও প্রাইভেটকারে করে কোথায় নিয়ে যাচ্ছে তা বলতে পারেনি। এক সময় তারা বুঝতে পারে তাঁদের কোনো এক জায়গায় ফেলে রেখে প্রাইভেটকার নিয়ে চলে গেছে ওই দুর্বৃত্তরা। তাঁদের গোঙ্গানির শব্দ শোনে লোকজন তাঁদের হাতপা ও মুখ খোলে দেয়। পরে পুলিশ এসে উদ্ধার করে থানায় নেয় । '
ডাবল এ ইয়াং মিলস লিমিটেডের প্রশাসনিক সিনিয়র ব্যবস্থাপক মো. মমিনুল ইসলাম মুনির জানান, 'আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে নরসিংদীর মাধবদীর মুমট্যাক্স পাকিজা গ্রুপ কোম্পানিতে মাল ডেলিভারি দিতে যায় কাভার্ডভ্যানটি। পরে চালক ও হেলপারের মোবাইল নাম্বারে বারবার কল করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। ' নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানান, 'ট্রাফিক পুলিশে পরিচয়ে দুর্বৃত্তরা এ কাজটি করতে পারে। চালকসহ দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় আনার পর শ্রীপুর থানাকে জানানো হয়েছে। উল্লেখ্য গত ৬ই ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার তারেরঘাট বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে নকল পুলিশ সেজে দুই বন্ধুকে হাতকড়া পড়িয়ে জানালার গ্রিলে আটকিয়ে দেয়। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁদের কাছে থাকা নগদ এক লাখ টাকা ও ব্যবহৃত মোটারসাইকেলটি নিয়ে যায় ।