News71.com
 Bangladesh
 11 Feb 17, 09:10 PM
 207           
 0
 11 Feb 17, 09:10 PM

জয়পুরহাটের নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার ।।   

জয়পুরহাটের নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার ।।   

 

নিউজ ডেস্ক; জয়পুরহাট জেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম ওরফে মন্টুকে (৭০) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে জয়পুরহাট থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট শহরের পশ্চিম জানিয়ার বাগান এলাকায় তাঁর নিজ বাসা থেকে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাও রয়েছে। তাঁর বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার গোয়ালভিটা গ্রামে। তবে তিনি দীর্ঘ দিন যাবৎ জয়পুরহাট শহরে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। জয়পুরহাট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জানুয়ারি রাতে সদর উপজেলার হিচমি বাজারে আলু বোঝাই একটি ট্রাকে অগ্নি-সংযোগের ঘটনায় জয়পুরহাট সদর থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, জামায়াতের ওই নেতা হিচমি বাজারে ট্রাকে আগুন দেওয়ার ওই মামলার সন্দেহভাজন আসামি ছিলেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপরাধ তদন্ত বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদদীন আজ শনিবার মুঠোফোনে জানান, রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে গত বছরের ১৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

মামলা নম্বর ৭২। ওই মামলায় তাঁর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হত্যা, অগ্নিসংযোগ ও লুটতরাজের অভিযোগ রয়েছে। এ ঘটনার সরেজমিন তদন্ত করছেন তিনি। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।রেজাউল করিম মন্টু ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত জয়পুরহাট জেলা জামায়াতের আমির ছিলেন বলে জয়পুরহাট জেলা জামায়াত সূত্রে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন