
নিউজ ডেস্কঃ গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশ ফি নিয়ে বিতর্কের এক পর্যায়ে ইজারাদারের লোকদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ, র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের উদ্ধার করে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব জানান, আজ শনিবার দুপুরে তাঁদের বিভাগের ১৮৫ জন শিক্ষার্থী ৪জন শিক্ষকের নেতৃত্বে শিক্ষা সফরে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যান ।
সেখানে প্রবেশের সময় প্রবেশ ফি নিয়ে বিতর্কের এক পর্যায়ে পার্কের ইজারাদার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক এক ছাত্রীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। এ সময় অপর শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে শফিক ও তাঁর লোকজন শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। তারা ক্রিকেট ব্যাট দিয়ে শিক্ষার্থীদের মারধর করে। এতে ২০ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে হেলথ ইকোনমিক্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনন্যা, দ্বিতীয় বর্ষের রাহাত, স্নাতকোত্তর শ্রেণির ফাহাদ গুরুতর আঘাত পান। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও সালনা ক্যাম্প থেকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে পার্কের ভেতরে নিরাপদ স্থানে রাখেন। এরপর পার্কের চিকিৎসা কেন্দ্রে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয় ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু সাফারি পার্কের ইজারাদারের ৫ জন লোককে আটক করা হয়েছে। হামলার ঘটনার পর থেকে ইজারাদার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক পলাতক। তাঁকে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে সাফারি পার্কে কর্তব্যরত বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন জানান, পার্কের প্রবেশ ফি নিয়ে ইজারাদারের লোকজনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে ।