
নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ছাত্রসমাজকে মাদক, জঙ্গিবাদ ও অস্ত্রবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকার মতো বর্তমান ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ শনিবার ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও মাদক উন্নয়নের প্রধান অন্তরায়। তিনি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে মাদক, অস্ত্রবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ভূমিদস্যুরা শুধু অস্ত্র নিয়ে জমি দখল করে না। তারা বিভিন্ন ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি-বেসরকারি জমি দখল করে নিচ্ছে। মন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভূমিদস্যুদের অবৈধভাবে জমি দখলে রাখার সুযোগ দেবে না।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে পাবনা পুলিশ সুপার জিহাদুল কবীর, উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল জলিল, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ ।
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার উপস্থিত ছিলেন। এর আগে সকালে মন্ত্রী কালিকাপুর আবদুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।