
নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বড় ধরনের জঙ্গি ও সন্ত্রাসী হামলা মোকাবিলার জন্য পুলিশ সদস্যদের কমান্ডো প্রশিক্ষণ (ট্রেনিং) দেয়া হচ্ছে। এই প্রশিক্ষণের ফলে পুলিশ কমান্ডোরা জঙ্গি ও সন্ত্রাসীদের যে কোনো অপতৎপরতা রোধ করতে সক্ষম হবে। তাদের বিশেষ সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। আজ শনিবার দুপুরে খাগড়াছড়িতে এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে পুলিশ কমান্ডো কোর্স (পিসিসি-১) এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং এন্ড স্পোর্টস) ডক্টর খন্দকার মহিদ উদ্দিন, খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অধিনায়ক আওরঙ্গজেব মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার হ্লাচিংপ্রু, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলীসহ উবর্ধতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় পুলিশ বাহিনীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত টিম রাখা হবে ।