News71.com
 Bangladesh
 11 Feb 17, 02:07 PM
 210           
 0
 11 Feb 17, 02:07 PM

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ।।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ।।

 

নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় কালক্ষেপণ না করে জড়িতদের শনাক্ত, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সমর্থন জানিয়ে অংশ নেয়, পাবনা জেলা সাংবাদিক সমিতি, নোয়াখালী জার্নালিস্ট ফোরাম, নাটোর জেলা সাংবাদিক সমিতি ও নওগাঁ জেলা সাংবাদিক সমিতি ।

অনুষ্ঠানে সাংবাদিক নেতা মোস্তফা মনোয়ার বলেন, আজকে আর বিচার চাইতে আসে নি। ঘৃণা জানাতে এসেছি, ক্ষোভ জানাতে এসেছি। রহস্য উন্মোচনের দাবি জানাচ্ছি। নোয়াখালী জর্নালিস্ট ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলম বলেন, কেন ৫ বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে না। আজ মানুষ হাসে। সাংবাদিক হত্যার বিচার না হওয়ার কারণে। ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির সদস্য ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওন বলেন, তদন্ত সংশ্লিষ্টদের অনীহা ও গাফলতি রয়েছে। নইলে ৪৮ ঘণ্টার ঘোষণার পর ৫ বছর অতিবাহিত হয়েছে হত্যার রহস্য উন্মোচন হয়নি ।

নওগাঁ মিডিয়া ফোরাম ও ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির নেতা মেহেদি হাসান বলেন, কোনো প্রহসন আর নয়, আমরা অবিলম্বে সাংবাদিক দম্পতি ও শিমুল হত্যার বিচার চাই। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা সাজ্জাদ হোসেন তপু বলেন, আমরা বিক্ষোভ করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি, সংসদে স্মারকলিপি দিয়েছি। বাসগৃহ মায়ের আচলের ন্যায় নিরাপদ। কিন্তু সেখানে খুন হলো সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ৫ বছর অতিবাহিত হলেও তদন্তে কূলকিনারা হয়নি। গ্রেফতার হয়নি মূলহোতারা ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান বলেন, আমাদের সাংবাদিকদের মধ্যে এজেন্ট রয়েছে। তারা সাগর-রুনির চরিত্র হননের চেষ্টা করেছে। তাদের কী স্বার্থ তা আমাদের জানা নেই। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে বিচার দাবিতে সোচ্চার হওয়ার দাবি জানান তিনি। সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, হত্যার পর খুনীরা সাগর-রুনির বাসা থেকে ল্যাপটপ নিয়ে গেছে। সে ল্যাপটপ উদ্ধার করতে পারেনি তদন্ত সংশ্লিষ্ট ও আইনশৃঙ্খলা বাহিনী। সে ল্যাপটপে কি এমন তথ্য ছিল, তাও উন্মোচন হয়নি ।

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি খাইরুজ্জামান কামাল বলেন, প্রধানমন্ত্রী স্বজন হারানোর ব্যথা নাকি বুঝেন। তাহলে কেন আজ সাগর-রুনি হত্যার বিচার হচ্ছে না। আপনার প্রতি আমাদের আস্থা রাখতে চাই। সুতরাং নিজে থেকে আপনি সাগর-রুনি হত্যা মামলার খোঁজ রাখুন। বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করুন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সদস্য আনোয়ার হোসেন, নাটোর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত করিমসহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন