
নিউজ ডেস্কঃ রংপুরের মিঠাপুকুরের বুজরুক সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল চন্দ্র বর্মনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলেও তা আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রেকর্ড হয়নি। তবে পুলিশ বলছে মামলাটি প্রক্রিয়াধীন আছে। পুলিশ ও আহত শিক্ষকের পারিবারিক সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বালুয়া মাসিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন প্রভাব খাঁটিয়ে স্কুলটিতে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছে।
এতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে একদিকে পড়ালেখার মান কমছে। অন্যদিকে হযবরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্কুলের সহকারী শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্য বিপুল চন্দ্র বর্মন এসবের প্রতিবাদ করায় তার ওপর ক্ষুব্ধ হন সভাপতি ও আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন। তিনি বিপুলকে শায়েস্তা করার হুমকি দিয়ে আসছিলেন। গত বুধবার রাতে বিপুল চন্দ্র বুজরুক সন্তোষপুর বাজারে এলে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিনের নেতৃত্বে তার সমর্থক জাহাঙ্গীর, হালিম, জবেদ আলীসহ কয়েকজন বিপুলকে বেদম মারপিট করে। এতে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন বিপুল চন্দ্র বলেন, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিনের অন্যায় আবদার না মানা ও অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় তিনি ও তার গুন্ডারা আমাকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে আমি বাদি হয়ে এ বিষয়ে মিঠাপুকুল থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তা মামলা হিসেবে রেকর্ড কিংবা অভিযুক্তদের গ্রেফতারে ব্যবস্থা নেয়নি।
বিপুল চন্দ্রের মা বিন্দু বালা জানান, এভাবে একজন শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে আহত করার পরেও অভিযুক্তরা এলাকায় বুক ফুলিয়ে বেড়াচ্ছে। থানায় অভিযোগ দেয়া হলেও এখনও তা মামলা হিসেবে রেকর্ড পর্যন্ত করেনি পুলিশ। এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে মামলা রেকর্ড করার প্রক্রিয়াধীন অবস্থায় আছে।