
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগের যে দায়িত্ব, কর্তব্য তাতে হস্তক্ষেপ না করা হলে, বিচার বিভাগকে বিচার বিভাগের মতো কাজ করতে দিলে আজ এই হাজার হাজার মামলার জট থাকতো না। দেশের আইন, প্রশাসন ও বিচার বিচার বিভাগের মধ্যে বিচার বিভাগ ব্যলেন্স রক্ষা করে চলে। যদিও সবসময় বিচার বিভাগকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে বিচার বিভাগই দেশকে রক্ষা করে। সংবিধান রক্ষা করে। তাই আইনের সঙ্গে যারা জড়িত তারা যদি সামান্য বিচ্যুত হয়, তা হলে সেই দেশের ভবিষ্যত অন্ধকার।
গতকাল বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রধান বিচারপতি সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন বিষয়ে বক্তব্য নিয়ে সমালোলোচনার জবাবে বলেন, আমি একটিও কথা বলতে চাইনা। কিন্তু বিচার করতে গেলেই আমরা খেই হারিয়ে ফেলি। কোন আইন আমরা ঠিকমতো পাচ্ছি না। প্রত্যেকটা আইন ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ আইন হওয়ায় মামলা বেড়ে যাচ্ছে। আইন প্রণেতারা সঠিকমতো তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। উদাহরণ টেনে তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনের ত্রুটির কারণে হাজার হাজার রিট ফাইল হয়েছে। আইন প্রণেতারা যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করতেন তবে বিচার বিভাগের উপর এই দায়িত্ব আসতো না। বিচার বিভাগের যে দায়িত্ব, কর্তব্য তাতে হস্তক্ষেপ না করা হলে, বিচার বিভাগকে বিচার বিভাগের মতো কাজ করতে দিলে আজ এই হাজার হাজার মামলার জট থাকতো না।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল আহমদ চৌধুরীর সঞ্চালনোয় এই ভোজসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার আহমদ, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম, সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট একিউ এম নাসির উদ্দিন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহজালাল, সাবেক প্রতিমন্ত্রী ও আইনজীবী এবায়দুর রহমান,সিনিয়র আইনজীবি শান্তিপদ ঘোষ, সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব প্রমুখ।