
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী থাবার কবল থেকে তরুণ সমাজকে মুক্ত করতে হবে। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন ‘উত্তরণ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
রাশেদ খান মেনন বলেন, তারুণ্য এখন মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী ও বিনাশী থাবায় নিমজ্জিত। এ অপশক্তিদ্বয়কে পরাজিত করতে না পারলে তারুণ্যের ভবিষ্যৎ অন্ধকার। আর এ অন্ধকার থেকে উত্তরণে প্রকৃত শিক্ষার আলোয় এবং সংস্কৃতির চেতনায় মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে হবে। তিনি আরো বলেন, মাদক ও জঙ্গিবাদ মানুষের সুস্থ বিবেক ও চিন্তার সূত্রকে ছিন্ন করে দেয় এবং মনুষ্যত্ব ও মানবিকতাকে ধ্বংস করে সমাজের বিকাশকে রুদ্ধ করে। এ ছাড়াও মন্ত্রী প্রগতিশীল সমাজ ও দেশ গড়তে মাদক ও জঙ্গিবাদ অপশক্তিকে পরাজিত করার জন্য শপথ নেয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। সংগঠনের সভাপতি মনোজ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ড. সমীর কুমার শীল, রফিকুল ইসলাম সুজন, মাহমুদ টোকন ।