
নিউজ ডেস্কঃ সব উন্নয়ন প্রকল্পের আওতায় কেনা গাড়ির হিসাব চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই গাড়িগুলোর স্বয়ংসম্পূর্ণ একটি ‘ইনভেনটরি’ করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। ক্রয় করা সব গাড়ির হালনাগাদ তালিকা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের এক সভায় বেশকিছু নির্দেশনা দেন। তার ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে তাদের উন্নয়ন প্রকল্পের গাড়ির হিসাব দিতে বলা হয়েছে। গত ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় এ ব্যাপারে একটি চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠায়। সূত্র জানায়, চিঠিতে উন্নয়ন প্রকল্পের নাম, ক্রয়কৃত গাড়ির ধরন, সংখ্যা, ক্রয়ের তারিখ, রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির বর্তমান অবস্থা এবং গাড়ির ব্যবহার সম্পর্কে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এখন সব মন্ত্রণালয় ও বিভাগ তাদের উন্নয়ন প্রকল্পে ক্রয় করা গাড়ির হালনাগাদ তালিকা তৈরি করছে।
একাধিক মন্ত্রণালয় ও বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য সব সময় প্রয়োজনের অতিরিক্ত ও বিলাসবহুল গাড়ি কেনা হয়। এতে বেশিরভাগ প্রকল্পের ব্যয় বেড়ে যায়। প্রকল্প শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে উন্নয়ন প্রকল্পের গাড়ি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশনা রয়েছে, এটা বাধ্যতামূলক; কিন্তু বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগ প্রকল্প শেষ হওয়ার পর উন্নয়ন প্রকল্পের গাড়ি জমা দেয় না। হিসাবও দাখিল করা হয় না। এসব গাড়ি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা ব্যবহার করে থাকেন। কোনো কোনো কর্মকর্তা উন্নয়ন প্রকল্পের একাধিক গাড়ি ব্যবহার করে থাকেন। মন্ত্রণালয় ও বিভাগের পদস্থ কর্মকর্তাদের খুশি রাখতেই প্রকল্পের শুরুতেই কোনো কোনো বিলাসবহুল গাড়ি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের দেওয়া হয়। কর্মকর্তারা ওই গাড়ি শুধু নিজেরা ব্যবহার করেন না। পরিবারের সদস্যদেরও দিয়ে থাকেন, যেটি অবৈধ।
উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট গাড়ি সরকারি পরিবহন পুলে জমা দেওয়ার নিয়ম। এছাড়া অচল যানবাহন ৬ মাসের মধ্যে বিক্রি করতে হবে। বিক্রি করা টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি কোনো প্রকল্প শেষ হওয়ার পর সেই প্রকল্পে দ্বিতীয় মেয়াদে ব্যবহার করতে হলে মন্ত্রণালয়ের টিওঅ্যান্ডইতে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা রয়েছে; কিন্তু এসব নির্দেশনা মানা হয় না বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে রিপোর্ট রয়েছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে গাড়িরই হদিস মেলে না। এসব বিষয় প্রধানমন্ত্রীর গোচরে এলে তিনি উন্নয়ন প্রকল্পের গাড়ির হিসাব নিতে বলেন।