
নিউজ ডেস্কঃ সার্চ কমিটিতে দেয়া জাতীয় পার্টির (জাপা) তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে কেএম নুরুল হুদা নিয়োগ পেয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও বিষয়টি জানেন না বলে দাবি করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে দলের যৌথসভায় এ কথা জানান তিনি। নতুন নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়ে জেলা ও উপজেলা নেতাদের উদ্দেশে এরশাদ বলেন, আমরা এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কথা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন করবেন। আমরাও তাই প্রত্যাশা করি।
এরশাদ বলেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা নাকি জাতীয় পার্টির প্রস্তাবনা থেকে এসেছেন, পত্রিকায় এমন খবর প্রকাশিত হয়েছে তবে আমি জানি না। তারপরও খুশি হয়েছি, আমাদের নামের প্রস্তাবনা থেকে সিইসি হয়েছে। আমরা চাই তার অধীনে সুষ্ঠু নির্বাচন হোক। গাইবান্ধার আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে এটাই হবে প্রথম নির্বাচন। এ নির্বাচনে যদি ইসি নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তা হলে জাতি তাদের ক্ষমা করবে না।
এরশাদ আক্ষেপ করে বলেন, কোনো নির্বাচন কমিশনই আমার সঙ্গে সুবিচার করেনি। ১৯৯১ ও ১৯৯৬ সালে জেলে থেকে নির্বাচন করেছি। ২০০১ সালে আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগ আমাদের সমর্থনেই ক্ষমতায় এসেছিল। আমাদের কোনো বন্ধু নেই- উল্লেখ করে এই সাবেক রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টি যেন ক্ষমতায় আসতে না পারে এবং শক্তিশালী হতে না পারে এই পয়েন্টে আওয়ামী লীগ-বিএনপি এক। তাই আমাদের আরও শক্তিশালী হতে হবে।
তিনি আরও বলেন, ২৬ বছর আমরা ক্ষমতার বাইরে। সেনাপ্রধান ছিলাম, রাজনীতিবিদ হয়েছি। কিন্তু এ পথ খুব পিচ্ছিল। বহু ঘাত-প্রতিঘাত অবিচার সহ্য করে আমরা আজও টিকে আাছি। আমরা সারা দেশে প্রার্থী বাছাই কাজ ইতোমধ্যে শুরু করেছি। এ সময় এরশাদ জেলা নেতাদের আগামী পনেরো দিনের মধ্যে যারা জাতীয় নির্বাচন করবে তাদের তালিকা দেওয়ার আহ্বান জানান।
যৌথসভায় অংশ নিয়ে বিরোধী দলের নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, আগামী নির্বাচনে আমাদের কোনো রকম ভুল করা চলবে না। সিদ্ধান্ত নিয়ে তা পাল্টানো যাবে না। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, আমি তিনটি নির্বাচন করেছি। দলের চেয়ারম্যানকে জেল থেকে মুক্ত করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের সঙ্গে কাজ করেছি। কোনো কিছুতেই আবেগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দলের কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সাম্প্রদায়িকও নয়, অসাম্প্রদায়িকও নয়। আমরা মধ্যপন্থি। আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িক দাবি করে। অথচ তারা ক্ষমতাসীন হয়েও রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে পারেনি।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনের মাধ্যমে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের জন্য রাস্তায় ভাঙচুর করা হয়েছে। দলের সাধারণ নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জাতীয় । পার্টিও ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে নামবে। প্রয়োজনে কঠোর কর্মসূচির মাধ্যমে ঢাকা অচল করে দিয়ে হলেও পল্লীবন্ধু এরশাদের মামলা প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করবে জাতীয় পার্টি।
সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতি, তাজ রহমান, উপদেষ্টা শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী, জাহিদ বিপ্লব প্রমুখ।