
নিউজ ডেস্কঃ দুর্নীতির দায়ে জনস্বাস্থ্য পুষ্টির সাবেক পরিচালক ড. উম্মে হাসিনা ফরিদা খাতুনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ লাখ ৭৪ হাজার ৯৪৯ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ড. উম্মে হাসিনা ফরিদা খাতুন যশোরের ষষ্টিতলার আবুল হোসেনের মেয়ে। মামলার নথি সূত্রে জানা গেছে, আসামি জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে কর্মরত থাকাকালে ২০০৫-২০০৬ সালের অর্থ বছরে ভূয়া ভাউচারের মধ্যমে ৩৩ লাখ ১৮ হাজার ২০১ টাকা ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাত করেছে। এ ঘটনায় দুর্নীতি দমনের উপ-পরিচালক মোনায়েম হোসেন ২০১২ সালের ১২ জুলাই বাদি হয়ে দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করে। পরে ঘটনার তদন্ত করে ২০১৪ সালের ২৫ অগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।