
নিউজ ডেস্কঃ সদ্য প্রয়াত প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা এ সাক্ষাত করেন। এসময় সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত ও তার একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্তের সঙ্গে আরো ছিলেন সুরঞ্জিতের পুত্রবধু রাখী সেনগুপ্ত ও রাখী সেনগুপ্তের মা মায়ারানী ভৌমিক ও সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারি কামরুল হক। এ সময় প্রধানমন্ত্রীকে সুনামগঞ্জের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন তারা।
সূত্র জানায়, সাক্ষাতকালে জয়া সেনগুপ্ত প্রধানমন্ত্রীকে বলেন, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন। এসময় প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন এই বলে, অবশ্যই যে কোন বিষয়ে আপনারা আমার কাছে আসবেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগপ্লুত হয়ে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী, পুত্র ও পুত্রবধূ কান্না করেন বলেও জানা যায়। উল্লেখ্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়ানে সুনামগঞ্জ-২ আসন শূন্য হওয়ায় ওই আসনের উপ-নির্বাচনে তার পরিবারের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টিও এসময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। এব্যাপারে প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানা যায়।