
নিউজ ডেস্কঃ সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের বাণিজ্য শাখায় আজিজুর রহমান নামের একজন কর্মচারীকে ঘুষের টাকাসহ ধরতে গিয়ে পিটুনি খেয়েছে উপপরিচালকের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের একটি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের কর্মচারীরা দুদকের উপসহকারী পরিচালক ও কনস্টেবলকে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের মুক্ত করে নিয়ে যায়। জেলা প্রশাসকের কর্মচারীদের হামলায় আহত হয়েছেন দুদক সিলেট কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মনজুর, রণজিৎ কুমার কর্মকার ও কনস্টেবল মিসবাহ উদ্দিন। অন্যদিকে দুদকের হাতে আটক জেলা প্রশাসনের কর্মচারী আজিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন।
দুদক ও জেলা প্রশাসন সূত্র জানায়, বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকাসহ দুদক আটক করে। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষ থেকে আজিজুরকে নিয়ে যাওয়ার সময় কর্মচারীরা দুদকের সবাইকে জিম্মি করে রাখেন।একপর্যায়ে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে রখেন। এ অবস্থায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সঙ্গে দুদক দলের বৈঠক চলাকালে কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। তারা আজিজুরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষে হাতাহাতি থেকে মারধর শুরু হয়। কাঠের রোলার দিয়ে দুদকের কনস্টেবল মিসবাহের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন দুদকের উপসহকারী পরিচালক ওয়াহিদ ও রণজিত। এ বিষয়ে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, দুদকের একটি দল কর্মচারীকে আটক করার সময় এ ঘটনা ঘটেছে। পরে বিক্ষোভ হয়েছে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহানগর পুলিশের একটি দল দুদকের দলকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিরাপদে নিয়ে যায়। এ সময় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, নিরাপত্তাহীনতার কারণে দুদকের এ দলটি জেলা প্রশাসকের কার্যালয়ে ছিল। তারা কী কারণে গিয়েছিল, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। দুদক সূত্র জানায়, ঘুষের লেনদেনের তথ্য পেয়ে দুদকের উপপরিচালক শিরিন পারভিনের নেতৃত্বে দুদকের একটি দল বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযানে গিয়েছিল। অভিযানে দুদকের উপপরিচালক, দুজন সহকারী পরিচালক ও দুজন কনস্টেবল ছিলেন।