News71.com
 Bangladesh
 09 Feb 17, 09:31 PM
 231           
 0
 09 Feb 17, 09:31 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুমন নামে শিশু শ্রমিককে নির্যাতন করায় গ্রেপ্তার ২ জন । ।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুমন নামে শিশু শ্রমিককে নির্যাতন করায় গ্রেপ্তার ২ জন । ।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুমন হোসেন (১২) নামে এক শিশু শ্রমিককে নির্যাতনের অভিযোগে হোটেল মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশুকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ জানায়, শিশু নির্যাতনের অভিযোগে তিনজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় আজ বৃহস্পতিবার মামলা হয়। আসামিদের মধ্যে হোটেল মালিক আবদুল মজিদ (৫০) ও নারী কর্মচারী মোমেনা খাতুনকে (৪০) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্যাতিত সুমন দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত রিপন হোটেল অ্যান্ড ভাতঘর নামের হোটেলের কর্মচারী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিশু সুমন হোটেলের থালা বাসন মাজা-ঘষার কাজ করছিল। ওইসময় হোটেলের আরেক কর্মচারী আবু বকর তাকে (সুমনকে) নলকূপ থেকে পানি আনতে বলে। হাতের কাজ শেষ করে পানি আনে সুমন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পানি আনতে দেরি হওয়ায় কর্মচারী আবু বকর চুলার জ্বলন্ত কাঠ দিয়ে পেটাতে শুরু করে। সুমন মাটিতে লুটিয়ে পড়লে তার বুকে ও মুখে লাথি মারা হয়। উপর্যুপরি নির্যাতনে তার (সুমনের) নাক-মুখ রক্তাক্ত হয়। শিশু শ্রমিক সুমন যন্ত্রণায় ছটফট করলেও হোটেল মালিক ও নারী কর্মচারী মোমেনা তার দিকে ফিরেও তাকায়নি। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা থেকে একদল পুলিশ ওই হোটেল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লাইলা শবনম শারমিন জানান, ওই শিশু শ্রমিকের বাম হাতের কবজির ওপর থেকে ভেঙে গেছে। এবং আগুনে হাতের কিছু অংশ ঝলসে গেছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশ নির্যাতিত শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনকে ধরতে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন