
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মাটি খুঁড়ে সাতটি থ্রি নট থ্রি রাইফেল ও বস্তাভর্তি গুলি উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার ভূঁইগড় কড়ইতলা এলাকার তাহেরুন নেছা রুনুর মালিকানাধীন একটি জমি খুঁড়তে গেলে এসব অস্ত্র বেরিয়ে আসে। পুলিশের ধারণা মুক্তিযুদ্ধ চলাকালে এসব অস্ত্র ব্যবহার হয়েছিল।স্থানীয়রা জানায়, তাহেরুননেছার ভাই মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় এমপি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে কমান্ডার ছিলেন।
ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন বলেন, 'ফতুল্লার ভূইগড় কড়ইতলায় তাহেরুননেছা রুনুর বাড়িতে মাটি খননের কাজ চলছিল। ওই সময়ে শ্রমিকরা বস্তা দেখতে পেয়ে সেগুলোর ভেতরে গুলি ও রাইফেল দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বস্তাবন্দি অবস্থায় প্রায় ১ হাজার রাউন্ড গুলি ও সাতটি রাইফেল উদ্ধার করে। এসব রাইফেল এখন ব্যবহার অযোগ্য।' ওসি আরো বলেন, 'আমাদের ধারণা এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহার হয়েছিল। তবে এখন আর ব্যবহার করা যাবে না।'