
নিউজ ডেস্কঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় জড়ো হওয়া নেতা-কর্মীদের পুলিশ বিনা উসকানিতে গুলি ছুড়েছে ও বেধড়ক লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওই অভিযোগ করেন। তিনি দাবি করেন, জমায়েত এবং ভিড় দেখেই সরকারের মনে ভয় ঢুকেছে। আতঙ্কিত হয়ে নেতা-কর্মীদের ওপর সরকার পুলিশি আক্রমণ চালাচ্ছে।
রিজভী বলেন, আজ খালেদা জিয়া আজ আদালতে যাওয়ার পথে দলীয় নেতা-কর্মী জড়ো হন। মূলত খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্যই নেতা-কর্মীরা যাত্রাপথে এভাবে জড়ো হয়ে থাকেন। আজ বেলা পৌনে এগারোটার সময় বিনা উসকানিতে মৎস্য ভবন থেকে শুরু করে রমনা পার্ক সংলগ্ন ফুটপাথ ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের ফুটপাথে বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ পথচারীর ওপর গুলি ছোড়ে ও বেধড়ক লাঠিপেটা করে। এতে বিএনপির অসংখ্য নেতা-কর্মী আহত হন। বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, গুলিও চালানো হয়নি, বেধড়ক লাঠি পেটাও করা হয়নি। কাঁদানে গ্যাসের তিন-চারটি শেল ছোড়া হয়েছে। হঠাৎ করে মিছিল নিয়ে কেউ সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর করতে পারে না। নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার সমালোচনা করে রিজভী বলেন, নতুন সিইসি জনতার মঞ্চের লোক। উনি আওয়ামী লীগের মুখপাত্রের মতো কথা বলবেন এটাই স্বাভাবিক। রিজভী বলেন, নতুন সিইসি সম্পর্কে বিএনপি যে তথ্য পেয়েছে তা তুলে ধরেছে। সিইসি এই প্রতিষ্ঠানের প্রধান। মাথায় গলদ থাকলে শরীর কাজ করবে না। তাই তাদের আশঙ্কা এই কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না।