
নিউজ ডেস্কঃ নড়াইলের ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় (৪৭) হত্যা মামলায় ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, ছেলে আশিক রহমান ও ভাতিজা রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই ভবতোষ রায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আগামীকাল শুক্রবার রিমান্ড শুরু হবে বলে জানিয়েছেন তিনি ।
সূত্রে জানা গেছে, গত ১ই ফেব্রুয়ারি রাত ৮টার দিকে নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার এলাকায় প্রভাষ রায়কে ছুরিকাঘাতে জখম করে প্রতিপক্ষের লোকজন। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে যশোরে স্থানান্তর করা হয়। রাত ৯টা ৪৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত বলে ঘোষণা করেন ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা শহিদুর রহমান ও তার লোকজন প্রভাষ রায়কে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিহতের স্ত্রী টুটুল রানী নড়াইল সদর থানায় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, ছেলে আশিক, ভাতিজা রাসেল মিনাসহ নয়জনের নাম উল্লেখ এবং ৭ জনকে অজ্ঞাত করে মামলা করেন।
হত্যাকাণ্ডের পর ওই রাতেই শহিদুর রহমান ও ছেলে আশিকসহ পাঁচজনকে আটক করে পুলিশ।