News71.com
 Bangladesh
 08 Feb 17, 09:33 PM
 298           
 0
 08 Feb 17, 09:33 PM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধী খালেক মণ্ডলসহ ৪ 'রাজাকারের' বিরুদ্ধে প্রতিবেদন দাখিল । ।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধী খালেক মণ্ডলসহ ৪ 'রাজাকারের' বিরুদ্ধে প্রতিবেদন দাখিল । ।

 

নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার সাবেক এমপি জামায়াত নেতা মোহাম্মদ আবদুল খালেক মণ্ডলসহ চার 'রাজাকারের' বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান আজ বুধবার বিকেলে প্রসিকিউশন শাখায় প্রতিবেদন জমা দিয়েছেন বলে সমকালকে নিশ্চিত করেছেন। এর আগে সকালে তদন্ত সংস্থার ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান এ প্রতিবেদনটি প্রকাশ করেন।

চার আসামি হলেন— সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক মণ্ডল, জেলা জামায়াত নেতা এম আব্দুল্লাহ আল বাকী, খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম ওরফে টেক্কা মিয়া। এদের মধ্যে খালেক মণ্ডল কারাগারে, বাকিরা পলাতক। ২০১৫ সালের ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আবদুল খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে একাত্তরে মুত্তিযুদ্ধের সময় সাতক্ষীরা সদর, আশাশুনি ও কলারোয়া থানার বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণের মতো সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ।

প্রেস বিফিংয়ে আবদুল হান্নান খান জানান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী গঠন করে এর নেতৃত্ব দেন খালেক মণ্ডল। এরপর অন্য আসামিদের নিয়ে তৎকালীন সাতক্ষীরা সদর মহকুমা এলাকায় উল্লেখিত মানবতাবিরোধী অপরাধ করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে ছয় খণ্ডে ৩১২ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের দিন ধার্য রয়েছে।

আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৭ আগস্ট থেকে তদন্ত শুরু করে ৫ ফেব্রুয়ারি শেষ হয়। এ মামলায় মোট ৬০ জন সাক্ষী প্রস্তুত রাখা হয়েছে।

২০১৫ সালের ২৫ আগস্ট আবদুল খালেক মণ্ডলের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় ট্রাইব্যুনাল। শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেক মণ্ডলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন