
নিউজ ডেস্কঃ ফ্ল্যাট কেনার পর টাকার উৎস নিয়ে প্রশ্ন না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। আবাসন খাতে সরকারের ‘প্রণোদনা’ দিতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, টাকার উৎস সম্পর্কে জানতে না চাওয়াই ‘প্রণোদনা’। এ নিয়ে এনবিআর ও দুদকের সঙ্গে তাঁর দ্বিমতের কারণও ব্যাখ্যা করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘রাজউকের অ্যাপার্টমেন্ট কিনবেন, অনেকে বলতেছে আপনার কি হোয়াইট মানি আছে? অ্যাপার্টমেন্ট কিনবেন? হোয়াইট মানি আছে কি-না, থাকলে আপনি কিনতে পারবেন, না থাকলে কিনতে পারবেন না। এটা তো হবে না।’ আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে গণপূর্তমন্ত্রী বলেন, ‘যাঁরা আপনারা অ্যাপার্টমেন্ট করেন, আপনারা রড কিনছেন। রড কেনার সময় ভ্যাট দিচ্ছেন। সিমেন্ট, টাইলস, কমোড, গ্লাস, ডোরসসহ ২৫০ ধরনের উপকরণ ভবনের কাজে ব্যবহার করছেন, এগুলোতে কিন্তু ট্যাক্স-ভ্যাট দিয়ে আসছেন। এরপর আপনারা অ্যাপার্টমেন্ট করতেছেন। এরপর ১৪ পারসেন্ট আবার রেজিস্ট্রেশন ফিও দিচ্ছেন। এরপর যদি এনবিআর এসে বলে, দুদক এসে বলে যে, আপনি টাকাটা কোথা থেকে পেলেন? এটা হবে?’
টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া নিয়ে দ্বিমতের কারণ ব্যাখ্যা করে মোশাররফ হোসেন বলেন, ‘আমি সরকারের একজন মন্ত্রী হয়ে কেন বলতেছি? কারণ পৃথিবী এখন উন্মুক্ত হয়ে গেছে। আপনার মোবাইলে দেখেন। আপনি অস্ট্রেলিয়ার মেসেজ পাবেন। মালয়েশিয়ার মেসেজ পাবেন। আমার কাছে মেসেজ আছে অস্ট্রেলিয়ার। তারা কী বলতেছে, ‘হ্যাভ ইউ সেকেন্ড হোম হিয়ার? হ্যাভ ইউর ভিসা?’
গণপূর্তমন্ত্রী আবারও বলেন, ‘হাউজিং সেক্টর ১৪ পারসেন্ট রেজিস্ট্রেশন ফি দিচ্ছে। এরপরে জিজ্ঞেস করতেছে, এনবিআর...যে আপনি কোথায় টাকা পাইলেন। দুদক এসে বলতেছে কোথা থেকে টাকা পাইলেন। এটা থেকে মুক্ত করতে হবে। মুক্ত না করলে এখান থেকে টাকা চলে যাবে। মানুষ বাইরে অ্যাপার্টমেন্ট কিনবে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন ও রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলে আবাসন শিল্পে অবদান রাখায় সানমার প্রপার্টিজ লিমিটেড এবং ইক্যুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট (প্রা.) লিমিটেডকে স্বর্ণপদক দেওয়া হয়। আয়োজকেরা জানান, উদ্বোধনের পর ২টা থেকে মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চার দিনের এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবার মেলায় আটটি আর্থিক প্রতিষ্ঠান, ১০টি বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠানসহ ৭২টি প্রতিষ্ঠানের মোট ৯০টি স্টল থাকছে।