
সাইফ উল্লাহ, প্রতিনিধি (সুনামগঞ্জ): সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার বংশীকু-া উত্তর ইউনিয়নের রংচিপাড়া গ্রামের জগদীশ তুজু (৬০) নামের এক বৃদ্ধ গত সোমবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঠাকুরাকোণা নামক এলাকায় তার মৃত্যু হয়। ওই ইউনিয়নের রূপনগর গ্রামের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার বংশীকুন্দা উত্তর ইউনিয়নের ইছামারী গ্রাম থেকে এক ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে নিজ গ্রামে ফিরছিলেন জগদীশ তুজু (৬০) ও তাঁর স্ত্রী শিখা পিসীম (৫০)। এ সময় তাঁরা রূপনগর গ্রামের সামনের সড়কে আসলে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী মোটরসাইকেল জগদীশ তুজুকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে আসছে দেখে একই ইউনিয়নের বাকাতলা গ্রামের মোটরসাইকেল চালক কারিম উদ্দিন (৩৫) সেখান থেকে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত ওই বৃদ্ধকে রাতেই এলাকাবাসী নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ওই হাসপাতালের ডাক্তাররা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বজনেরা ওই রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে ঠাকুরাকোণা নামক স্থানে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।মধ্যনগর থানার এসআই মো. লুৎফুর রহমান বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।