News71.com
 Bangladesh
 08 Feb 17, 07:32 PM
 213           
 0
 08 Feb 17, 07:32 PM

নতুন সিইসিকে পদত্যাগ করার আহ্বান জানালেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভী

নতুন সিইসিকে পদত্যাগ করার আহ্বান জানালেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভী

 

নিউজ ডেস্কঃ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সিইসিকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে যে প্রস্তাবনা দিয়েছিলাম তা গ্রহণ করা হয়নি। দলীয় রাষ্ট্রপতির কাছে কখনো নিরপেক্ষ সার্চ কমিটি আশা করা যায় না। তিনি বলেন, নবগঠিত সিইসি হচ্ছে আওয়ামী লীগ মুদ্রার অপর পিঠ। যারা নির্বাচন ও গণতন্ত্রকে কবরে পাঠিয়েছেন তাদের দ্বারা নিরপেক্ষ সিইসি আশা করা সম্ভব নয়।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ছাত্রদল আয়োজিত ‘৮৭’র বর্ধিত বাস ভাড়া আন্দোলনের বীর সেনানী শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩০তম শাহাদৎ বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। এসময় রিজভী আরও বলেন, আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের পরিবারকে জীবনদান করেছিলেন শহীদ জিয়াউর রহমান। অথচ আজ একের পর এক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংসের পায়তারা করছে আওয়ামী লীগ। তিনি বলেন, সরকারের যদি গণতান্ত্রিক বোধ থাকতো তাহলে তারা নির্বাচনে সব দলের অংশগ্রহণের ব্যবস্থা নিত। সংবাদপত্র ও বাক স্বাধীনতা খর্ব করে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে আওয়ামী লীগ।

জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম তোফা, ছাইদুল হক ছাদু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান প্রমুখ। পরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রদল আয়োজিত কাঙালি ভোজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন রিজভী। এর আগে তিনি শহীদ মির্জা আবু রায়হান জগলুর কবর জিয়ারত করেন ও পরিবারের সাথে কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন