
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৬ষঠ জাতীয় কাউন্সিলে আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানাগেছে । গতকাল বুধবারই এই আমন্ত্রণপত্র ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বিএনপির কাউন্সিলের আমন্ত্রণপত্র পেয়েছেন বলে বিএনপির একটি দায়িত্বশীল সুত্র জানাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহ সম্পাদক সৈয়দ আউয়াল শামীম ও মাসুদুল হাসানের হাতে দেওয়া হয় বলে জনি জানান।
বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কার্ড দুটি দিয়ে আসেন। জনির পাশাপাশি সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন ও যুবদলের সহসভাপতি সেলিমুজ্জামান সেলিম প্রতিনিধি দলে ছিলেন।
উল্লেখ্য আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের উদ্বোধন হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে। সকাল ১০টায় কাউন্সিল উদ্বোধন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
‘দুর্নীতি, দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’- এই স্লোগান নিয়ে আগামী ১৯ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিল করতে যাচ্ছে বিএনপি।