
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার (১৪ মার্চ) বিকেলে গাইবান্ধার স্থানীয় হরিপুর খেয়াঘাটে নাব্যতা হারিয়ে যাওয়া তিস্তা নদীর হাঁটু পানিতে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা রুরাল প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন (আরপিডিও) এর নির্বাহী পরিচালক এমদাদুল হক নাদিম, ‘নদী বাঁচাও, তিস্তা বাঁচাও’ আন্দোলনের নেতা ছাদেকুল ইসলাম দুলাল, তন্ময় সান্যাল, শ্যামল দাস, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, ওয়াহেদ মিয়া, জেলেনি কর্ণিকা রানী প্রমুখ।
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ জোট ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আয়োজনে এবং আরপিডিও এর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।