News71.com
 Bangladesh
 14 Mar 16, 08:31 AM
 962           
 0
 14 Mar 16, 08:31 AM

দক্ষিণ সিটির সব রাস্তায় ফ্রি-ইন্টারনেট সংযোগ দেয়া হবেঃ মেয়র সাঈদ খোকন

দক্ষিণ সিটির সব রাস্তায় ফ্রি-ইন্টারনেট সংযোগ দেয়া হবেঃ মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেছেন রাজধানীর দক্ষিণ সিটির সব রাস্তায় ফ্রি ইন্টারনেট ওয়াইফাই সংযোগ দেয়া হবে। আর এ কাজে সিটি করপোরেশনকে সহায়তা দিবে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

মেয়র সাঈদ খোকন আজ সোমবার দুপুরে পরিচ্ছন্নতা বছর ২০১৬ উপলক্ষে বিটিসিএল আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র একথা জানান।

মেয়র বলেন , নগরবাসীর জন্য একটি সুখবর। ঢাকা দক্ষিণ সিটি এলাকার সব রাস্তায় বিটিসিএলের সহায়তায় ফ্রি ইন্টারনেট ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতি এগিয়ে যাচ্ছে, ঢাকাও এগিয়ে যাবে।

মেয়র আরও বলেন, নাগরিকদের সুযোগ-সুবিধা ও সুখী সমৃদ্ধ জীবনের লক্ষ্যে সকল পদক্ষেপ নেয়া হবে। সেই সঙ্গে ময়লা আবর্জনা দূর করে ঢাকাকে একটি স্বপ্নের নগরী হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় প্রশাসনিক দুর্বলতার বিষয়টি স্বীকার করে এই ব্যবস্থাপনার উন্নয়নে সার্বিক প্রচেষ্টার কথা  বলেন মেয়র।

তিনি আরও বলেন, শুধু মেয়র বা মেয়রের কর্মচারীদের পক্ষে ঢাকা নগরীর সমস্ত বর্জ্য পরিষ্কার করা সম্ভব নয়। নগরবাসীকেও এগিয়ে আসতে হবে । ঢাকা দক্ষিণের আওতাধীন এলাকায় মার্চ থেকে এপ্রিলের মধ্যে ৫৭০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। ২০১৬ সালের মধ্যে ১৫ হাজার ডাস্টবিন স্থাপনের কথা বলেন। নগরবাসী যাতে প্রতি ১০০ গজ পর পর ময়লা ফেলার জন্য একটি করে ডাস্টবিন পান। নগরবাসীকে তিনি অনুরোধ করেন সন্ধ্যা ৭টার পর আবর্জনা ফেলতে। সারারাত পরিচ্ছন্নতাকমীরা সেসব অপসারণ করবেন এবং সকালে নগরবাসী এক পরিচ্ছন্ন ঢাকা দেখতে পাবেন।

অনুষ্ঠান শেষে মেয়র বিটিসিএলের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিল্লাল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন