
নিউজ ডেস্ক : হারানো ইমেজ পুনরুদ্ধার ও আমদানি -রপ্তানিকে ঝুঁকিমুক্ত করতে বিমানবন্দর পরিচালনায় একটি বিশেষ অথরিটি গঠন করার তাগিদ দিয়েছেন ব্যাবসায়ীকা । যুক্তরাজ্যের নিরাপত্তা পর্যবেক্ষণগুলো আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন ব্যবসায়ীরা।
সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমানসহ বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা, এবং তদারকির শিথিলতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ কার্গো পরিবহনে প্রধান দুর্বলতা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
প্রতি বছর ১৫ শতাংশ করে বাড়ছে বিমানে কার্গো পরিবহন। আর বাংলাদেশের মোট রপ্তানি আয়ের একটা বড় অংশ আসে যুক্তরাজ্যসহ ইউরোপ থেকে। গত ডিসেম্বরে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন শাহজালাল বিমান বন্দরের কার্গো কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থাপনায় বেশ কিছু ক্রটি চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার তাগাদা দেয়।
ব্যবহারকারীদের মতে, তারা বারবার নির্দেশনা দিলেও কার্গো হ্যান্ডলিংয়ে বিমানের অব্যবস্থাপনা এবং যথাসময়ে পদক্ষেপ না নেয়ায় যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে।
বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি সালাম মুশের্দী বলেন, 'আমাদের এখানে অব্যবস্থাপনা আছে দুর্বলতা আছে। আর আমাদের ব্যবস্থাপনা প্রত্যাশিত পর্যায়ে ছিল না বলেই কিন্তু নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে।'
ফ্রেইট ফরওয়ার্ডার এসোসিয়েশনের সভাপতি মাহবুব আনাম বলেন, 'আমাদের এখানে বেসরকারি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করতে হবে। নিরাপত্তা ইস্যুগুলোকে আরো যুগোপযোগী করতে হবে।'