
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান গত সেপ্টেম্বরে সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছে চার কার্গো বিমানে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইয়েমেনে হুতিদের ব্যাপক সামরিক অভিযান ঠেকাতে সৌদি আরব যখন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে, তখন পাকিস্তানের এই অস্ত্র সহায়তার খবর সামনে এল। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের বন্দরনগরী এডেনে পাকিস্তানের এসব অস্ত্র পাঠানোর ঘটনা থেকে বোঝা যাচ্ছে, ইয়েমেনের যুদ্ধে ইসলামাবাদ সম্পৃক্ততা বাড়াচ্ছে। প্রতিবেদনে এক পাকিস্তান সরকারের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তান এডেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পাঠিয়েছে। এর পাশাপাশি পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও সৌদি সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনে অবস্থান করছেন এবং ইয়েমেনি সেনাদের সহায়তা করছেন।
লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের বড় ধরনের সামরিক অভিযান মোকাবিলায় সৌদি আরব উচ্চমাত্রার সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। হুতিদের এই অভিযানের ফলে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।