
আন্তর্জাতিক ডেস্কঃ চীন সফরের প্রথম দিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নতুন করে চীন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শি জিনপিং দৃঢ়ভাবে জানিয়েছেন যে তিনি ইরানকে অস্ত্র দেবেন না, যা বর্তমান প্রেক্ষাপটে একটি বড় বক্তব্য। গত ১০ সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের আবহে চীনের পক্ষ থেকে তেহরানকে গোপনে অস্ত্র পাঠানোর গুঞ্জন ডোনাল্ড ট্রাম্পের এই সফরের অন্যতম প্রধান এজেন্ডা ছিল।
বৈঠকের আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছিল, চীন তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে গোপনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। তবে ট্রাম্পের সঙ্গে আলোচনায় শি জিনপিং সেই আশঙ্কা নাকচ করে দিয়েছেন বলে জানা গেছে।