
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী ও পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে সম্মাননা দেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে হার্ভার্ডের কেনেডি স্কুলের পক্ষ থেকে এ তথ্য দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি। প্রতিবেদন অনুযায়ী, নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ মালালাকে গ্লিটসম্যান অ্যাওয়ার্ড-২০১৮ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৪ সালে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই। শিশুদের জন্য বিশেষ করে নারীশিক্ষা নিয়ে কাজ করায় বিশ্বব্যাপী তার পরিচিতি তৈরি হয়। ২১ বছর বয়সী মালালা বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।