
আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায়, বাজার নিয়ন্ত্রনে আনতে দৈনিক তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ওমানের তেল ও গ্যাস মন্ত্রী মোহাম্মদ বিন হামাদ। তবে তেল উৎপাদন কতটুকু কমানো হবে সে বিষয়ে সুনির্দিষ্ট তো তথ্য জানাননি তিনি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ বৃহস্পতিবার ওপেকের শীর্ষ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার দিনভর সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে একাধিক বৈঠক করে এ তথ্য জানায়। তবে ওইসব বৈঠকের ফলাফলের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। যদিও ধারণা করা হচ্ছে ওপেক থেকে কাতারের বেরিয়ে যাওয়া নিয়ে কথা হয়েছে। আজ বৈঠকের পরই এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।