
আন্তর্জাতিক ডেস্ক : ১৯১২-র ১৪ এপ্রিলের সেই ভয়াবহ রাত আজও অবিস্মরণীয় বিশ্ববাসীর মনে। উত্তর অ্যাটলান্টিকে ধীরে ধীরে ডুবে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্ প্রমোদতরীটি। নিশ্চিত মৃত্যুর প্রহর গুনছেন প্রায় ২ হাজার মানুষ। সেই দিন থেকেই চিরতরে ভিলেন হয়ে গেল সমুদ্রে ভাসমান একটি হিমশৈল। টাইটানিকের হত্যাকারী সেই হিমশৈলটি আজও ভাসছে উত্তর অ্যাটলান্টিকে। টাইটানিক দুর্ঘটনার কত বয়স ছিল জানেন ওই হিমশৈলটির? আনুমানিক ১ লক্ষ বছর।
ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রান্ট বিগ সম্প্রতি সেই হিমশৈলটি নিয়ে গবেষণা চালিয়েছেন। বিগের কম্পিউটার মডেলে দেখা গিয়েছে দক্ষিণপশ্চিম গ্রিনল্যান্ড উপকূল থেকে থেকে খসে যাওয়া ওই হিমশৈলটি ১ লক্ষেরও বেশি বছর ধরে উত্তর অ্যাটলান্টিকে ভাসছে। টাইটানিক যখন ডুবেছিল, তখন ওই হিমশৈলটি ছিল দৈর্ঘে ৪০০ ফুট। তার মধ্যে ১০০ ফুট জলের উপরে ছিল। ১৫ লক্ষ টন ছিল তার আনুমানিক ওজন।
তবে গ্রান্টের দাবি, হিমশৈলটি আসলে লম্বায় ছিল ১৭০০ ফুট। ওজন ৭.৫ কোটি টন। গ্রান্টের কথায়, '১৯১২ সালটিই আসলে একটি দুর্ভাগ্যের বছর ছিল। ওই বছরই হিমশৈলটি স্বাভাবিকের তুলনায় দ্রুত হারে ভাসতে ভাসতে আরও দক্ষিণে সরে যায়। টাইটানিকের যাত্রাপথে।'
উত্তর অ্যাটলান্টিকের ওই মারণফাঁদে ধাক্কা লেগে ১৯১২-র ১৫ এপ্রিল ভোররাতে ডুবে যায় টাইটানিক। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ জাহাজ দুর্ঘটনা। কিন্তু ১ লক্ষ বছরের 'বৃদ্ধ' হিমশৈল আরও যে কত জাহাজের ঘাতক, কত মৃত্যুর সাক্ষী, কে জানে!