
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত বীরত্বের সঙ্গে এমন এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলেছে যা আক্রমণকারী দুটি দেশের কেউই কল্পনা করতে পারেনি বলে দাবি করেছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তিনি দৃঢ়তার সঙ্গে জানান যে এই বীরত্বপূর্ণ লড়াইয়ের পর ইরান এখন ‘সারা বিশ্বে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে স্বীকৃত’। বুধবার (২৪ জুন) এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তার দেশের ওপর চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধের নেপথ্য তথ্য ও শত্রুরাষ্ট্রগুলোর গোপন নীল নকশা সর্বসমক্ষে উন্মোচন করেন। মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের উদ্দেশ্য পরিষ্কার করে অনুষ্ঠানে তিনি সরাসরি বলেন যে, ‘আমাদের শত্রুরা বিশ্বাস করেছিল যে তারা মাত্র তিন দিনের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের অবসান ঘটাতে পারবে এবং সেখানে তাদের নিজস্ব পুতুল বা প্রক্সি সরকার বসাতে সক্ষম হবে।’