News71.com
 International
 11 May 26, 10:45 PM
 19           
 0
 11 May 26, 10:45 PM

জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস করাসহ একগুচ্ছ প্রস্তাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী॥    

জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস করাসহ একগুচ্ছ প্রস্তাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী॥      

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে আছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে বাসা থেকে অফিস করতে এবং গণপরিবহন ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বিদেশে গিয়ে বিয়ে করা বা ভ্রমণ করা এবং জরুরি প্রয়োজন ছাড়া সোনা কেনা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। পেট্রল ও ডিজেলের ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে সহায়তা করার লক্ষ্যেই এই আহ্বান জানান মোদি।

হায়দরাবাদে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, ‘দেশপ্রেম মানে কেবল সীমান্তে জীবন উৎসর্গ করার ইচ্ছা নয়। এই সময়ে দৈনন্দিন জীবনে দায়িত্বশীল হওয়া এবং দেশের প্রতি কর্তব্য পালন করাই হলো প্রকৃত দেশপ্রেম।’ আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, সরবরাহব্যবস্থার চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবিলায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী মোদি বলেন, যেখানে সুযোগ আছে সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করুন। এ ছাড়া কার-পুলিং (একই গাড়িতে একাধিক যাত্রী যাতায়াত) এবং পণ্য পরিবহনে রেলওয়েকে প্রাধান্য দিয়ে পেট্রল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনুন। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন (ইভি) ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দেশের বৃহত্তর স্বার্থে কোভিডের সময়ের মতো কার্যকর পদক্ষেপগুলো পুনরায় চালুর আহ্বান জানান মোদি। যার মধ্যে রয়েছে বাসায় বসে কাজ (ডব্লিউএফএইচ), অনলাইন কনফারেন্স এবং ভার্চুয়াল মিটিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন