
পহেলা বৈশাখে বর্ষবরণের উৎসবে সুনির্দিষ্ট কোনধরনের হামলার হুমকি নেই। তারপরেও আত্মতুষ্টিতে না ভোগে যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
তিনি বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশের সব ব্যাটালিয়নসহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়ন রয়েছে। রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলসহ যেসব এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হবে সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল চেকপোস্ট ও অবজারভেশন পোস্টের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।