
নিউজ ডেস্কঃ জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলার ব্যর্থতার জন্য অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে সোমবার (২৫ জানুয়ারি) শুরু হওয়া দুই দিনের অনলাইন জলবায়ু অভিযোজন সামিট (সিএএস) ২০২১-এ প্রচারিত পূর্ব রেকর্ডকৃত ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট।
শেখ হাসিনা বলেন, যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভবিষ্যতের ক্ষয়ক্ষতি হ্রাস করার প্রক্রিয়াও অনুরূপ গুরুত্বপূর্ণ। কিন্তু অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক অভিযোজনমূলক পদক্ষেপগুলো ক্ষয়ক্ষতির সঙ্গে আদৌ সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, সাম্প্রতিকালের কোভিড-১৯ এর অভিজ্ঞতা সকলের জন্য একতাবদ্ধ হওয়া এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কার্যকারিতা প্রমাণ করেছে।