
নিউজ ডেস্কঃ বিনাপ্রতিদ্বন্দ্বিতা এড়ানোর কৌশল হিসাবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় আওয়ামী লীগ। ফলে বিএনপিবিহীন নির্বাচনে প্রায় প্রতিটি আসনেই দলীয় প্রার্থীর বাইরে দলেরই আরও এক বা একাধিক নেতা নেমেছেন ভোটের লড়াইয়ে। এতে বিপাকে আওয়ামী লীগের তৃণমূল। বেশিরভাগ আসনেই দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এবং দলেরই স্বতন্ত্র প্রার্থী মাঠে থাকায় দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। এতে তৃণমূলে বাড়ছে অভ্যন্তরীণ সংকট।
বিষয়টি এখনই সমাধান করা না গেলে দলের অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ রূপ ধারণ করতে পারে-এমন আশঙ্কা তৃণমূল নেতাকর্মীদের। তাদের মতে, বিদ্যমান পরিস্থিতিতে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আসা জরুরি। সুস্পষ্ট নির্দেশনা না এলে নির্বাচনের পরও এর নেতিবাচক প্রভাব স্থানীয় রাজনীতিতে পড়বে। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, কৌশলগত কারণেই তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তৃণমূলের করণীয় কী হবে তা ১৭ ডিসেম্বরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।