
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যাতে সভা-সমাবেশ করতে না পারে, সরকারকে সেই পদক্ষেপ নিতে অনুরোধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের। ওই চিঠিতে এ ধরনের সভা-সমাবেশের অনুমতি না দিতে অনুরোধ জানানোর কথা রয়েছে। দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হতে পারে। এর আগের নির্বাচনগুলোয়ও এমন চিঠি পাঠানোর নজির রয়েছে। ইসির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কমিশন মনে করে, যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, সেগুলোর বিরুদ্ধে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। কিন্তু অনিবন্ধিত দল ও সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ইসির। এমনকি যেসব নিবন্ধিত রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি, তাদের বিষয়েও আচরণবিধি প্রয়োগ করা দুষ্কর। এছাড়া নির্বাচনবিরোধী রাজনৈতিক সভা-সমাবেশের কারণে আইনশৃঙ্খলার অবনতি হলে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হতে পারে। এতে নির্বাচনে ভোটার উপস্থিতিও কম হওয়ার আশঙ্কা রয়েছে।