
নিউজ ডেস্কঃ চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে ১৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ জনই মারা গেছেন, যা মোট আক্রান্তের ৭১ শতাংশ। দেশে ২০০১ সালে প্রথম সংক্রমণ ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত ২৪০ জনের মৃত্যু হয়েছে নিপাহ ভাইরাসে। রোববার রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) মিলনায়তনে নিপাহ ভাইরাসের বিস্তার এবং ঝুঁকিবিষয়ক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় আলোচকরা বলেন, ভাইরাসজনিত রোগটি সারাদেশে ৩৪টি জেলায় ছড়িয়েছে। রোগটিতে এখন পর্যন্ত ৩৩৯ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাসটির পরিস্থিতি বিশ্লেষণ করে বলা হয়, চলতি বছর সাতটি জেলায় ১৪টি সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথমবারের মতো নরসিংদী জেলায় সংক্রমণ ঘটেছে। এটি নতুন করে শঙ্কার কারণ। এতদিন শুধু উত্তরাঞ্চলে ঘটছে ধারণা করা হলেও এখন তা মধ্যাঞ্চলে পাওয়া গেছে। সভায় জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা যে কয়টা সার্ভিলেন্স কাজ পরিচালনা করি তার মধ্যে অন্যতম শক্তিশালী অবস্থায় রয়েছে নিপাহ সার্ভিলেন্স। কিন্তু এত কিছুর পরেও নিপাহ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা জ্বর ও খেজুরের রস খাওয়ার ইতিহাসে আটকে আছি। মালয়েশিয়া ও ভারতের কারণের সঙ্গে আমাদের মিল নেই। লক্ষণীয় বিষয় খেজুরের রস নেই এমন দেশেও নিপাহ সংক্রমণ ঘটছে। অর্থাৎ অন্য সোর্স থেকেও ঘটছে। তবে আমাদের দেশে এখনো তা পাওয়া যায়নি।