
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে টানা সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার পর থেকে পদ্মা নদীর আববাহিকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সামান্য দূরের কোনো কিছু দেখা যাচ্ছিল না।
এ সময় দৃষ্টিসীমা শূন্যে নেমে এলে রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে পারাপার হওয়া গাড়ির সংখ্যা কমে যাওয়ায় এখানে যাত্রীদের আগের মতো ভোগান্তি নেই।