
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে ৮৩ জনকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
ইসি জানায়, ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদে ৮৩ জনকে নবম গ্রেডে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশক্রমে তাকে (নিয়োগপ্রাপ্তরা) লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকার/কর্তৃপক্ষ নির্ধারিত বিষয়ের ওপর বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ ছাড়া ‘উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা’ পদে যোগদানের তারিখ থেকে ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।