
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগেভাগেই আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার দাবি ছিল ১৪ দলের শরিকদের। আসন ধরে ভোটের প্রস্তুতি এগিয়ে নিতেই এমন চাওয়া ছিল তাদের। কিন্তু এর ঠিক উলটো অবস্থানে আওয়ামী লীগ। বিএনপি বিহীন নির্বাচনে শুরু থেকেই আসন সমঝোতা নিয়ে কৌশলী ক্ষমতাসীনরা। এবার মাত্র দুটি বাকি রেখে ২৯৮টি সংসদীয় আসনেই দলের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এসব প্রার্থী পুরোদমে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের লক্ষ্যে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় আওয়ামী লীগ। এতে প্রায় প্রতি আসনেই আওয়ামী লীগেরই এক বা একাধিক স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন। কিন্তু অন্ধকারে শরিকরা। নিজেদের মতো মনোনয়নপত্র জমা দিলেও তাদের কতটি বা কোন কোন আসন ছাড়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। দফায় দফায় বৈঠক করে এ বিষয়ে তাগাদা দিলেও ফয়সালা আসেনি। ফলে বিষয়গুলো নিয়ে অসন্তুষ্টি রয়েছে ক্ষমতাসীন দলের শরিকদের মধ্যে। তবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, শরিক ও জোট নেতাদের সঙ্গে আলোচনা করেই আসনবিন্যাস চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।