
নিউজ ডেস্ক : সুন্দরবন ও আশপাশের এলাকায় থামছে না হরিণ শিকার। প্রতিনিয়ত হরিণ শিকার করে মাংস ও চামড়া পাচার করছে একটি চক্র। তাদের এমন অপতৎপরতা হুমকিতে ফেলছে ইউনেস্কোর ঘোষিত বিশ্ব সৌন্দর্যখ্যাত জীববৈচিত্রকে। সচেতন মহল বলছে প্রশাসনের দুর্বলতার কারণেই এটি সম্ভব হচ্ছে। অবশ্য প্রশাসনের দাবি, বন বিভাগ, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ চেষ্টায় শিগগিরই বন্ধ হবে হরিণ শিকার।
উল্লেখ্য সুন্দরবনের অন্যতম সৌন্দর্য মায়াবী চিত্রা হরিণ। কিন্তু অর্থলোভী কিছু অসাধু চক্রের অপতৎপরতা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এ সৌন্দর্যকে। বছর বছর আশঙ্কাজনক ভাবে কমছে সুন্দরবন ও আশপাশের হরিণ সংখ্যা।
গত ১ বছর ধরে বরগুনার পাথরঘাটায় ৫ থেকে ৬টি চক্র সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে হরিণ শিকার করছে। চরদোয়ানী এলাকায় বিক্রি হচ্ছে হরিণের মাংস, পাচার করা হচ্ছে চামড়া ও শিং।
কিছুদিন পর পর এই এলাকা থেকে জব্দ হচ্ছে জীবিত হরিণ, এর মাংস ও চামড়া। তবে প্রশাসনের সংশ্লিষ্টতার কারণে শিকারিরা গ্রেফতার হচ্ছে না বলে দাবি সচেতন মহলের।
অবশ্য বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক বলছেন, বনে শিকারিদের অবস্থান না জানায়, পাচারকারীদের ধরা গেলেও তাদের আটক করা যাচ্ছে না। গত ৭ মাসে র্যাব,পুলিশ ও কোষ্টগার্ড উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭টি হরিণের চামড়া ও ৪শ' ৩৯ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। কিন্তু শিকারিরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে।